জাসদ’র বিজয় দিবস পালন
জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) লক্ষ্মীপুর জেলা শাখার উদ্যোগে ৭১ এর মহান বিজয়ের ৪০ বছর উপলক্ষে ৩০ লক্ষ শহীদের আত্মদান ও ২ লক্ষ মা-বোনের ইজ্জত বিসর্জনের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১৬ ডিসেম্বর ২০১১ এর ১২-১ মিনিটে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে ও বিকেল ৩ টায় জেলা জাসদ কার্যালয়ে মাদামস্থ কোহিনুর মঞ্জিলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন জেলা জাসদ সভাপতি সালেহ উদ্দিন ভূঁইয়া। সভা পরিচালনা করেন জেলা জাসদ সাধারণ সম্পাদক মাহবুবুল আলম। আলোচকগণ হলেন- জাসদ কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন মোল্লা, সদর উপজেলা জাসদ সভাপতি শেখ মহিউদ্দিন, লক্ষ্মীপুর পৌরসভা জাসদ সভাপতি জাহাঙ্গীর আলম, সদর উপজেলা জাসদ সাধারণ সম্পাদক বাবু নিরঞ্জন, পৌরসভা জাসদ সাধারণ সম্পাদক রুহুল আমিনসহ জাসদ নেতৃবৃন্দ। সভায় ৭১ এর মানবতাবিরোধী যুদ্ধাপরাধীদের বিচার শুরু হওয়ায় সন্তোষ প্রকাশ করা হয়। সভায় মহাজোটের ২৩ দফা বাস্তবায়ন ত্বরান্বিত করার জন্য সরকারের নিকট জোর দাবি জানানো হয়। সভায় রামগতি ও কমলনগর উপজেলা মেঘনা নদীর চরম ও ভয়াবহ ভাঙ্গন থেকে রক্ষার জন্য এবং লক্ষ্মীপুর-রামগতি সড়ক এর বেহাল দশা হতে সড়ক উন্নয়নে জরুরি ভিত্তিতে কার্যকরি পদক্ষেপ গ্রহণের জন্য মহাজোট সরকারের নিকট জোর দাবি জানানো হয়।
সভায় অনতিবিলম্বে ডিজিটাল পাসপোর্ট লক্ষ্মীপুরে চালু করে লক্ষ্মীপুর জেলাবাসীকে কর্মসংস্থানের নিমিত্তে বিদেশ গমনের পথ সুগম করার জন্য সরকারের নিকট আহ্বান জানানো হয়। |